
ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতার আসনে জয়ী ১১ জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলের আসনে বসেছে জাতীয় পার্টি (জাপা)। দলটি আগের সংসদে ‘গৃহপালিত’ বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছিল। আওয়ামী লীগের টানা শাসনে গত দুটি সংসদের সঙ্গে তুলনা করলে দ্বাদশ জাতীয় সংসদেও বিরোধী দলের আসনে কোনো পরিবর্তন নেই।
নতুন সংসদে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে, এটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। অন্যদিকে ক্ষমতাসীন দলটির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ভোট বর্জন করে সংসদের বাইরে রয়ে গেছে। এমন পটভূমিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের নিয়ে একপক্ষীয় সংসদের চেহারা নিয়েছে বলা যায়।
আওয়ামী লীগ ও বিএনপি, বড় দুই দলের অনুসারী বা সমর্থক দেশের সিংহভাগ মানুষ। রাজনীতিও বিভক্ত দুই দলকে কেন্দ্র করে। নির্বাচন, আন্দোলনে অন্যান্য দলের বেশির ভাগই দুই দলের নেতৃত্বে ভাগ হয়ে যায়। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরেও এর ব্যতিক্রম হয়নি। এবার নির্বাচন বর্জন করে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট সরকার পতনের আন্দোলনে ছিল। আর আওয়ামী লীগ তার শরিক, মিত্রদের নিয়ে নির্বাচন করেছে।



