
অবশেষে সংসদে স্বতন্ত্র এমপিদের জোট বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে জোটের নেতা এবং উপনেতাও। তবে এই জোট সংসদে প্রধান বিরোধী জোটের ভূমিকায় থাকবে কিনা, তা এখনও স্পষ্ট হয়নি। কারণ হিসেবে জানা গেছে, আওয়ামী লীগের সংসদীয় দলে যুক্ত করার দাবি রয়েছে অনেক স্বতন্ত্র সংসদ সদস্যের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন একাধিক স্বতন্ত্র এমপি। আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন ৬২ স্বতন্ত্র এমপি।
একাদশ সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সমকালকে জানান, সংসদ নেতা শেখ হাসিনা রোববার স্বতন্ত্র এমপিদের সঙ্গে বসবেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা সংসদ নেতা ছাড়া কেউ বলতে পারেন না।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয় পায়। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জাতীয় পার্টি (জাপা) পায় ১১ আসন। জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসন পায়। ৬২ আসনে জয় পান স্বতন্ত্ররা। এই অবস্থায় নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রধান বিরোধী দল কারা হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তৈরি হয়। ১১ আসন নিয়ে জাপা বিরোধী দলের মর্যাদা পাবে কিনা, তা নিয়ে নানা বিশ্লেষণ চলতে থাকে। স্বতন্ত্র সদস্যরা জোট গঠনের মাধ্যমে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেন– এমন আলোচনাও শুরু হয়।



