
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক না দিলেও জয়-পরাজয় নির্ধারণে স্থানীয় সংসদ সদস্যের প্রভাব বাড়বে। প্রার্থী হতে যাওয়া দলীয় নেতাদের ধারণা, আওয়ামী লীগের প্রতীক না থাকলেও স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে এবার জয়-পরাজয় নির্ধারিত হবে। এই অবস্থায় দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকার এমপির কাছে ধরনা দিতে শুরু করেছেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএনপির অংশ না নেওয়ার সম্ভাবনা থেকেই আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি বাইরে থাকলেও যাতে নির্বাচনটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সে লক্ষ্যে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল। ওই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী আওয়ামী লীগের নেতাদের ধারণা, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব আরও বাড়বে। কারণ, স্থানীয় রাজনীতির পাশাপাশি প্রশাসনেও সংসদ সদস্যদের প্রভাব আছে। ওই নেতারা বলছেন, দলীয় কোন্দল ও সহিংসতা কমাতে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এমপিরা নির্বাচনে যাতে প্রভাব বিস্তার করতে না পারেন, সেদিকে নজর থাকবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের।



