
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র— এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে, দুদেশের স্বার্থই আছে এখানে।’
আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর ম্যাথিউ মিলার বক্তব্যে দু ধরনের কথা বলেছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। আবার এটাও বলেছে যে, বাংলাদেশের প্রতি অন্যান্য অনেক ক্ষেত্রে সম্পর্ক রাখা আমাদের দায়িত্ব। সেখান থেকে সম্পর্ক রাখি এবং সম্পর্ক রাখার অঙ্গীকার আছে এবং সেটা করে যাব।’
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে তারা আগেও বলেছে। তবে তারা বলেনি নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে। যে মন্তব্য করলে খারাপ কিছুর আশঙ্কা থাকে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর চেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন কি হবে আমরা তা জানি না। বিএনপি নির্বাচনে আসল না তার মানে কি নির্বাচন অবাধ সুষ্ঠু হলো না?
আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সম্পর্কটা থাকুক। এখানে আমেরিকারও স্বার্থ আছে, আমাদেরও আছে।’



