সবার জন্য পেনশনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে ‘সরকারের নির্বাচনী তহবিল তৈরির ফন্দি’ বলে সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে শুক্রবার রাজধানীর দয়াগঞ্জে বিএনপির মিছিলপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ লুট করে শেষ করে দিয়েছে বাংলাদেশকে, ফোকলা বানিয়ে দিয়েছে,… কিচ্ছু নাই। আবার নতুন আরেকখান কায়দা বাইর করছে.. দেখছেন। কী বলে…, পেনশন দেবে, পেনশন স্কিম।
“মানুষের টাকা চুরি করার আরেকটা ফন্দি বাইর করছে। ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। মানুষ এবার তাদেরকে দেবে না।”
বেশ কয়েক বছরের পরিকল্পনা ও প্রস্তুতির পর আগের দিনই দেশে চালু হয় সর্বজনীন পেনশন। এই স্কিমে ৬০ বছর পর্যন্ত মানুষ টাকা জমা করবে এবং এরপর থেকে আজীবন মাসে মাসে অর্থ পাবে।




