
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নৌকা প্রতীক না রাখার সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের মতে, দলের এই সিদ্ধান্তে তৃণমূলের পোড়খাওয়া জনপ্রিয় নেতাদের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতে তাঁদের হতাশ করে নৌকা প্রতীক পাওয়ায় হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া ব্যক্তিরাও জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
অবশ্য আওয়ামী লীগেরই কিছু নেতা মনে করছেন, গণতান্ত্রিক বিশ্বের অনুসরণে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন থেকে সরে যাওয়া ঠিক হচ্ছে না। আবার কারও কারও মতে, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই এই কৌশল।
গত সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে আপাতত দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক (নৌকা) ব্যবহার না করার অভিমত দিয়েছে কার্যনির্বাহী কমিটি। দলীয় সভাপতি শেখ হাসিনা এতে একমত পোষণ করেছেন।



