
নির্বাচনের আগে জাতীয় পার্টিতে (জাপা) সৃষ্ট অস্থিরতা ভরাডুবির পরও অব্যাহত রয়েছে। দ্বাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসন নিয়ে দলটিতে টানাপোড়েন প্রকটের শঙ্কা রয়েছে। জাপা প্রধান বিরোধী দল হবে কিনা, তাও স্পষ্ট নয়।
স্ত্রী শেরিফা কাদেরের জন্য আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পাওয়ার পরই জাপা চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনে অংশ নিয়েছেন– এমন অভিযোগ তুলে নেতৃত্বের সমালোচনা করে পদ হারিয়েছেন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা। নির্বাচনে অংশ নিয়ে সরকারের কাছ থেকে টাকা পাওয়া, ভোটে নামিয়ে প্রার্থীদের খবর না নেওয়াসহ কিছু অভিযোগ রয়েছে জি এম কাদেরবিরোধী হিসেবে আবির্ভূত নেতাদের। ৭ জানুয়ারির নির্বাচনে জামানত হারানো শেরিফা কাদের সংরক্ষিত আসনে দ্বাদশ সংসদে যাবেন– এ খবরে বিরোধিতা নতুন মাত্রা পেয়েছে।



