
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)।
সোমবার রাত সাড়ে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
ভিএক্সের নেতা এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারুকলার ২০২০-২০২১ সেশনের দুটো ছেলের মধ্যে ঝামেলা ছিল। সেটার সূত্র ধরে সিএফসির ছেলেটা আজকে আমাদের কর্মীকে চড়-থাপ্পড় মারে। এটা থেকেই ঝামেলার সূত্রপাত হয়েছে।”



