
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহ নগরীতে নতুন করে ভোটের হাওয়া লাগতে শুরু করেছে; নগরভবনের হাল ধরার লড়াইয়ে অংশ নেওয়ার সবুজ সংকেত পেতে ক্ষমতাসীন দলের নেতারা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
দেশের সবশেষ গঠিত এ বিভাগীয় নগরীর দ্বিতীয় সিটি ভোটে তাদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও এলাকায় এলাকায় নিজেদের সমর্থক-শুভানুধ্যায়ীদের নিয়ে মাঠ গোছানোর কাজে নেমে পড়েছেন।
আওয়ামী লীগ যদিও এবার সিটি করপোরেশনের ভোটে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন থেকেই দলীয় প্রার্থীদের প্রতীক দেবে না ক্ষমতাসীন দলটি।
স্থানীয় সংসদ নির্বাচনে ‘বিভেদ এড়াতে এবং ভোটকে উৎসবমুখর করতে’ দলীয় মনোনয়ন না দেওয়ার আভাস দিয়েছে আওয়ামী লীগ। তবে আগের মতই মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দুই শিবিরে ভাগ হয়ে যাচ্ছেন বলে ধারণা মিলছে।



