
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আজ ইয়ানিক সিনারের কাছে প্রথম দুই সেটে ৬-১ ও ৬-২ গেমে পিছিয়ে পড়ায় হার চোখ রাঙাচ্ছিল নোভাক জোকোভিচকে। তবে এমন অভিজ্ঞতা তাঁর জন্য নতুন নয়। এর আগে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ৮ বার প্রথম দুই সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে জেতার অভিজ্ঞতা ছিল সার্বিয়ান তারকার। এবারও তৃতীয় সেটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন ৭-৬ (৮/৬) গেমে।
কিন্তু চতুর্থ সেটে আর শেষ রক্ষা হলো না। হেরে গেলেন ৬-৪ গেমে। এর আগে ১০ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে প্রতিবারই ফাইনালে উঠে শিরোপা জিতেছেন জোকোভিচ। এবার আর পারলেন না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের সামাজ্র্যও হাতছাড়া হলো এই টুর্নামেন্টে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নের।
এই হারে মেলবোর্ন পার্কে জোকোভিচের টানা ৩৩ ম্যাচ জয়ের ধারাতেও ছেদ পড়ল। ইতালিয়ান চতুর্থ বাছাই সিনার শীর্ষ বাছাই জোকোভিচকে হারিয়ে শুরু করলেন নতুন এক দিগন্তের। তাঁর গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে প্রথম ফাইনাল।



