
ক্ষণিকের জন্য স্বস্তি এবার পেতেই পারেন আর্জেন্টিনার ভক্তরা। অলিম্পিকের প্রাক-বাছাইয়ে প্রথম ম্যাচে ড্র করে খানিকটা ধাক্কাই খেয়েছিল আলবিসেলেস্তেরা। অবশ্য পরপর দুই ম্যাচের দাপুটে জয় আর্জেন্টিনাকে কক্ষপথে ফিরিয়েছে। তাতে অলিম্পিকের বাছাইপর্বে জায়গাও নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আগেই এই জায়গায় এসেছে ব্রাজিল। তাদের সঙ্গী হিসেবে আছে প্যারাগুয়ে।
বুধবার ভোরে নিজেদের গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী, দুই দলের জন্যই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। তবে তাতে একপেশে এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক থিয়াগো আলমাদা করেছেন ২ গোল। সহায়তা করেছেন ১ গোলে। নতুন মেসি হিসেবে খ্যাতি পাওয়া ক্লদিও এচেভেরি গোল-অ্যাসিস্ট না পেলেও নিজের জাত চিনিয়েছেন পুরোটা সময়।



