
লিওনেল মেসিকে প্রশ্নটা প্রায়ই শুনতে হয়—ক্যারিয়ারের শেষ কি নিজের সাবেক ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে করতে চান? মেসিও হেসে উত্তর দেন, এমনটা হলে মন্দ হয় না! শৈশবে ফিরে যেতে কে না চায়! মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ আনহেল দি মারিয়াও সম্প্রতি নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার কথা বলেছেন। শুধু তা-ই নয়, ক্লাবটির হয়ে দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে খেলার স্বপ্নও দেখেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য।
দি মারিয়ার স্বপ্নের কথা শুনে সাড়া দিয়েছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ডমিঙ্গেজ লিখেছেন, ‘আনহেল দি মারিয়া, কনমেবল লিবের্তাদোরেস আবার তোমার এখানে খেলার স্বপ্নপূরণের জন্য অপেক্ষা করছে।’ দি মারিয়াকে লিবের্তাদোরেসে পেতে যেন তর সইছে না তাঁর, ‘এটা কি কনমেবল কোপা আমেরিকার পরই?’



