
পাকিস্তান ক্রিকেট বেশ ‘বিপজ্জনক’ অবস্থায় আছে বলে মনে করেন সদ্য সাবেক টিম ডিরেক্টর ও সাবেক প্রধান কোচ মিকি আর্থার। দেশটির ক্রিকেটের অবস্থান এখন হতাশাজনক ও দুঃখজনক বলেও মন্তব্য করেছেন এই দক্ষিণ আফ্রিকান।
গত মাসে আনুষ্ঠানিক পদত্যাগের পর এই প্রথম মুখ খুলেছেন আর্থার। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বিশ্বকাপ পর্যালোচনার এক সভায় ডেকে নিয়ে তাঁদের আর রাখা হবে না বলে বার্তা দেওয়া হয় পিসিবির পক্ষ থেকে। তার আগেই অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন বলেও জানান আর্থার।
বিশ্বকাপের গ্রুপ পর্বের পর অধিনায়ক বাবর আজমসহ পুরো টিম ম্যানেজমেন্টকে আর রাখা হবে না বলে জানায় জাকা আশরাফের নেতৃত্বাধীন তখনকার পিসিবি কমিটি। বাবর পদত্যাগের পথ বেছে নেন, তবে প্রধান কোচ গ্রান্ড ব্র্যাডবার্ন ও আর্থাররা সে পথে হাঁটেননি। অবশেষে গত মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ান আর্থার।



