
খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন ‘নো বল’ করে ভালোই বিতর্কে পড়েছেন শোয়েব মালিক। ঢাকায় প্রথম পর্ব শেষে তাঁর দুবাই চলে যাওয়া এবং আর না ফেরার বিষয়টি যেন সেই বিতর্কে ঘি ঢালে। অফস্পিনার হয়ে এত বড় ওভার স্টেপিং করায় গণমাধ্যম ফিক্সিংয়েরও সন্দেহ করছে।
এই সমালোচনা ডালপালা ছড়াতে থাকায় গতকাল এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন পাকিস্তানি এ অলরাউন্ডার। ফিক্সিংয়ের গুজব উড়িয়ে দিয়ে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বানও জানিয়েছেন তিনি।
শোয়েব মালিকের পক্ষে দাঁড়িয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে শোয়েব মালিককে নিয়ে অনেক ধোঁয়াশা খবর শুনেছি। এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। আমরা কোনো গণমাধ্যম কিংবা কোনো ব্যক্তিকে এ বিষয়ে কোনো তথ্য দিইনি। খেলতে গিয়ে হার-জিত হতেই পারে। শোয়েব মালিক নিজের সর্বোচ্চটা দিয়েছেন আমাদের জন্য। আমরা কাউকে কোনো অভিযোগ করি নাই, তাঁর সঙ্গেও কোনো কথা বলিনি। আজকে (গতকাল) এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করেছে, যা আমার কাছে মোটেও ভালো লাগেনি। যে কারণে আমি এই বার্তাটা সবাইকে দিতে চাই, শোয়েব মালিককে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তাই বিষয়টি আর বড় করার চেষ্টা করবেন না।’



