
দুদিন আগে লা লিগার ম্যাচে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচটির ফলাফলের চেয়ে এখন অলোচনার কেন্দ্রে রিয়ালের তারকা মিডফিল্ডার জ্যুড বেলিংহ্যাম। তবে সেটি তার পারফরম্যান্সের কারণে নয়। প্রতিপক্ষ ফুটবলার ও ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ ম্যাসন গ্রিনউডের উদ্দেশে ‘ধর্ষক’ বলে মন্তব্য করেছিলেন। যার কারণে বেলিংহ্যামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লা লিগা কর্তৃপক্ষ।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে গেতাফের হয়ে খেলছেন গ্রিনউড। রিয়ালের সঙ্গে ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে তিনি বেলিংহ্যামকে ট্যাকলের চেষ্টা করেন। যার জবাবে তাকে ‘র্যাপিস্ট’ বলে ডাক দেন বেলিংহ্যাম। যা নিয়ে ম্যাচ শেষে লা লিগায় অভিযোগ জানায় গেতাফে। যেখানে এই ইংলিশ তারকা ঠোঁটের ভাষা (লিপ-রিডার) বুঝতে কাজ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতকাল ম্যাচ পরিচালক এবং লা লিগার কাছে অভিযোগটি স্থানান্তর করেছে গেতাফে। বিষয়টি তদন্তে লিপ রিডিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।’



