ক্রিকেটের মহাযজ্ঞ বিশ্বকাপের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। ভারতে হতে যাওয়া এই বিশ্বকাপে অন্তত চারটি ম্যাচের সূচিতে পরিবর্তন হচ্ছে।
মূলত ভারতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই এই সূচিবদল হচ্ছে। বলা হচ্ছে, ধর্মীয় উৎসবের দিন বিশ্বকাপ ম্যাচ হলে একইসঙ্গে দুটি বড় জমায়েত হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষা করা মুশকিল হয়ে যেতে পারে। আর যদি হয়, ভারত-পাকিস্তানের মতো ‘চিরশত্রু’ দুই দেশের খেলা, তাহলে সেই আশঙ্কা বেড়েই যায়।
কালীপূজার কারণে পাকিস্তান ও ইংল্যান্ড ম্যাচ দিনবদল
বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচটির দিনক্ষণ পরিবর্তনের অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি। কলকাতার ইডেন গার্ডেন্সে ১২ নভেম্বর এই ম্যাচটি হওয়ার কথা, যেদিন সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা। কলকাতায় এই পূজা বেশ ঘটা করে পালন করা হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, একসঙ্গে দুটি বড় জমায়েতের কারণে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় আছে। যে কারণে সূচি বদলের অনুরোধ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছে সিএবি। এ ক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ এক দিন এগিয়ে ১১ নভেম্বর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচের সূচি বদলের এটি দ্বিতীয় অনুরোধ। এর আগে ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পুনর্বিবেচনার কথা বলেছিল আহমেদাবাদের পুলিশ। ওই দিন আহমেদাবাদে ৯ দিনব্যাপী নবরাত্রি উৎসব শুরু হবে।
এরই মধ্যে আহমেদাবাদের বিষয়টি বিবেচনায় নিয়ে পাকিস্তানের দু–তিনটি ম্যাচের সূচিতে বদল আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কলকাতার কালীপূজা বিবেচনায় আরও পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল জুনের শেষ সপ্তাহে। সূচিতে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে সিএবি। এর মধ্যে আছে ২৮ অক্টোবর বাংলাদেশ-নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান, ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ড ও ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল।
ভারত পাকিস্তান ম্যাচও নির্ধারিত দিনে হচ্ছে না
ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই যেন ‘যুদ্ধ’। তা-ও বিশ্বকাপের মতো আসরে ম্যাচটি হবে ভারতে। এমন ‘মহারণ’ যেদিন হওয়ার কথা, সেসময় ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ চলবে। সপ্তাহব্যাপী এই উৎসবের সময় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বরে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে ১৫ অক্টোবর হতে যাওয়া ম্যাচটি এগিয়ে যাচ্ছে। শুরুতে পেছানোর কথা থাকলেও ম্যাচটি একদিন এগুনোর কথা।
নবরাত্রি গুজরাটের গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবটি চলেও সপ্তাহব্যাপী। স্থানীয় জনগণ নবরাত্রির সময় এই উৎসব নিয়ে মেতে থাকবে। তাদের নিরাপত্তার একটা প্রশ্ন থাকেই। আর এ সময় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হলে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বেশ কষ্টসাধ্যই হয়ে পড়বে।
বিশ্বকাপ ক্রিকেটের সময় এমনিতেই কড়া নিরাপত্তাব্যবস্থা থাকবে। ভারত-পাকিস্তান ম্যাচে তো নিরাপত্তা থাকবে আরও বেশি। দেশি-বিদেশি বহু মানুষের ভিড় বাড়বে আহমেদাবাদে। তাই নবরাত্রির পর এই ম্যাচ আয়োজন করা যায় কি না, সেটি বিসিসিআইকে ভেবে দেখতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিবর্তন হবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ
ভারত-পাকিস্তান ১৫ অক্টোবরের ম্যাচটি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এটি এগিয়ে আনার ফলে আরও একটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনতে হবে। সেটিও পাকিস্তানের ম্যাচ।
সূচি অনুসারে ১২ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর হলে এক দিন পরই আহমেদাবাদে গিয়ে খেলা সম্ভব হবে না বাবর আজমদের। যে কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ১০ অক্টোবরে এগিয়ে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে।
এখন ১২ নভেম্বরের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও যদি এগিয়ে আনতে হয়, তাহলে অন্য ম্যাচগুলোর ওপর কী প্রভাব পড়বে, সেটি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারত-পাকিস্তান ‘যুদ্ধের দিন’ বাংলাদেশের খেলা
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ নির্ধারিত দিনে হচ্ছে না। একদিন এগিয়ে আনায় ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ভারত–পাকিস্তান ম্যাচের কারণে পরিবর্তন আসছে আরও কয়েকটি ম্যাচের সূচিতে। ১৪ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশ–নিউজিল্যান্ড এবং দিল্লিতে আফগানিস্তান–ইংল্যান্ড মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে এক দিনে তিনটি ম্যাচ এড়াতে আফগানিস্তান–ইংল্যান্ডের খেলাটি সরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ হবে সূচি অনুসারে।
পরিবর্তিত এই সূচি এ সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
বদল হবে আফগানিস্তান–ইংল্যান্ডের ম্যাচের দিনও
এক দিনে তিনটি ম্যাচ হয়ে যাচ্ছে। এ কারণেই আরও একটি ম্যাচের সূচিতে পরিবর্তন হতে যাচ্ছে। সূচি অনুযায়ী সাধারণত দিনে দুটি ম্যাচ রাখা হয়েছে। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচটি এক দিন এগিয়ে নেওয়ায় একই দিনে তিনটি ম্যাচ পড়ে যাচ্ছে। ১৪ অক্টোবর বাংলাদেশ–নিউজিল্যান্ড এবং আফগানিস্তান–ইংল্যান্ড মুখোমুখি হওয়ার কথা। ফলে আফগানিস্তান ও ইংল্যান্ডের খেলাটি ১৩ অক্টোবর নেওয়ার কথা ভাবছে আইসিসি।



