আন্তর্জাতিক ক্রিকেটে স্টুয়ার্ট ব্রডের শেষ দিন ছিল গত ৩১ জুলাই, সোমবার। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের শেষ ম্যাচে স্মরণীয় বিদায় নেন ইতিহাসের দ্বিতীয় সফলতম পেসার। এক দিন পরই বুধবার লন্ডনের আরেক ভেন্যুতে নতুন ভূমিকায় গিয়েছিলেন ব্রড। তবে সেখানে পড়েন বিড়ম্বনায়।
স্কাই স্পোর্টসের হয়ে দ্য হানড্রেডে ধারাভাষ্য দেবেন এবার, সেটি ঠিক করা ছিল আগেই। এর আগেও ধারাভাষ্য দিয়েছেন ব্রড। ২ আগস্ট লর্ডসে ছিল হানড্রেডের ‘লন্ডন-ডার্বি’—ওভাল ইনভিনসিবলসের মুখোমুখি হয়েছিল লন্ডন স্পিরিট। সে ম্যাচে ধারাভাষ্য দেন ব্রড। তবে লর্ডসে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন ইংল্যান্ডের সদ্য সাবেক ক্রিকেটার। তিনি যে পাস নিয়ে ঢুকতে চেয়েছিলেন, সেটি ছিল মূলত খেলোয়াড়ের। তবে অবসরে গেছেন বলে ব্রডের কার্ড কাজ করেনি আর। ঢুকতে গেলে তাঁর প্রয়োজন ছিল স্কাই স্পোর্টসের অ্যাক্রিডিটেশন কার্ড।
ব্রড শেষ পর্যন্ত সে ম্যাচে ধারাভাষ্য দিতে পেরেছেন ঠিকঠাকই। এ মৌসুমে অন্তত ১২ দিন হানড্রেডে ধারাভাষ্য দেওয়ার কথা আছে তাঁর। ক্রিকেট ছাড়ার পর এ পেশাতেই পুরোপুরি আসছেন ব্রড, সেটিও ধরে নিয়েছেন অনেকেই। ধারাভাষ্য ক্যারিয়ারই দীর্ঘ মেয়াদে শুরু করবেন কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি তিনি।
অবশ্য এ মৌসুমের শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে তাঁর দীর্ঘ মেয়াদের চুক্তির খবর শোনা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য টেলিভিশনেও কাজ করার প্রস্তাব পাচ্ছেন তিনি, তবে সেগুলোর বেশির ভাগই রিয়েলিটি শোতে।



