
২০২৩ বছরটাকে নাজমুল হোসেনের বছর বললে ভুল হবে না। বিপিএলের টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে শুরু করেছিলেন বছরটা। এরপর ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিন সংস্করণের ক্রিকেটে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ২০২৩ সালে নাজমুলের রান ১৬৫০। বছর শেষে এসে ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলকানিতে উজ্জ্বল নাজমুলের কাঁধেই বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তায়।
নাজমুলের নেতৃত্বে বাংলাদেশ দল ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে জেতার পর টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে। দলের এমন পারফরম্যান্সের পর নাজমুলকেই দীর্ঘ মেয়াদে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। কিন্তু বছর ঘুরে যখন বিপিএল এল, তখন নাজমুলকে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা গেল না। মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক ও মোহাম্মদ মিঠুনকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিল সিলেট।



