
১ হাজার হংকং ডলার দিয়ে টিকিট কিনে স্টেডিয়ামে ঢুকেছিলেন তাঁরা। বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা খরচ করে তাঁরা দেখতে গিয়েছিলেন লিওনেল মেসির খেলা। কিন্তু হংকংয়ের ফুটবল-ভক্তদের নিরাশ হতে হয়েছে। আর্জেন্টাইন মহাতারকাকে যে আজ হংকংয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রাক্-মৌসুম প্রীতি ম্যাচে ১ সেকেন্ডের জন্যও মাঠে নামাননি ইন্টার মায়ামি কোচ।
প্রিয় তারকার খেলা না দেখতে পেরে খেপে উঠেছিলেন কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের ৩৮ হাজারের মতো দর্শক। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মেসিকে মাঠে নামানোর দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন তাঁরা। ম্যাচের শেষ ১০ মিনিটে তো হংকং স্টেডিয়ামে কান পাতা দায় হয়ে পড়েছিল। মেসি কেন খেলছেন না, সেটি নিয়েও রাগ ঝরানো স্লোগানও দেন তাঁরা। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, সেই বাঁশির শব্দ চাপা পড়ে দর্শকের দুয়ো ধ্বনিতে।



