
তাহলে কি সত্যিই রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন এই ফরাসি তারকা। এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবর নিশ্চিত করেছে ইএসপিনও।
এমবাপ্পের রিয়ালে যাওয়ার ঘোষণা দিয়ে লা প্যারিসিয়ান লিখেছে, ‘আর কোনো সন্দেহের অবকাশ নেই। কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে লিগ আঁ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে যোগ দিতে যাচ্ছেন।’
এর আগে জানুয়ারিতে এমবাপ্পেকে রিয়ালের চুক্তির প্রস্তাব দেওয়ার খবর প্রকাশ করে ইএসপিএন। সূত্রের উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ড এখনো পিএসজি কিংবা রিয়ালকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন। এমন খবর অবশ্য আগেও শোনা গেছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। জল ঘোলা করে আবার সেই পিএসজিতেই থেকে যান এই ফরাসি তারকা।



