
মলিনতার খোলস ছেড়ে শেষ দিকে বেরিয়ে এলো বাংলাদেশ। দুটি ভালো সুযোগ কড়া নাড়ল দুয়ারে; কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় মিলল না গোল। তবে হাল ছাড়ল না তারা। অবশেষে যোগ করা সময়ে দারুণ নৈপুণ্যে ব্যবধান গড়ে দিলেন সাগরিকা। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতল বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করা সাইফুল বারী টিটুর দল টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল ফাইনাল।



