
নাটকীয় এক লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের ফেবারিট দলটিকে শেষ ষোলো থেকেই ফিরতি টিকিট ধরিয়ে দিয়েছে স্বাগতিক আইভরিকোস্ট। ম্যাচের ৪ মিনিটেই হাবিব দিয়ালোর গোলে এগিয়ে যায় সেনেগাল। এই লিড তারা ধরে রাখে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত। কিন্তু ফ্রাঙ্ক কেসির পেনাল্টি গোলে ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে আইভরিকোস্ট।
এরপর নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি আর কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর ভাগ্য পরীক্ষার সেই লড়াইয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভাঙে সাদিও মানের সেনেগালের। টাইব্রেকারে আইভরিকোস্ট প্রথম পাঁচ শটের সব কটি জালে জড়ায়। কিন্তু সেনেগালের হয়ে গোল করতে ব্যর্থ হন মুসা নিয়াখাতে। আর এতেই টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন ভাঙল সেনেগালের।



