
সুপার সিক্সে বাংলাদেশ ম্যাচ পেয়েছে দুটি। এর মধ্যে প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানেই হারিয়েছে। আগামী পরশু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এ ম্যাচে জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে, ব্যাপারটি তেমন নয়। আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের নতুন নিয়মের কারণে শেষ চারে যেতে হলে অনেক হিসাব মিলিয়েই পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশের যুবাদের।
আগেরবারের মতো এবারও ১৬ দল নিয়েই হচ্ছে আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। তবে এবার টুর্নামেন্টের ফরম্যাটে এসেছে পরিবর্তন। আগে গ্রুপ পর্বের শীর্ষ আট দল কাপ পর্ব বা সুপার লিগ পর্ব আর তলানির আট দল প্লেট পর্বে খেললেও এবার চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল সুপার সিক্সে খেলার সুযোগ পেয়েছে। এই সুপার সিক্স পর্বে ১২টি দল আবার ২টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। এই দুই গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।



