
১০০ ইঞ্চির বিশাল আকারের পর্দার ল্যাপটপ কি সহজে বহন করা যায়? সাধারণভাবে চিন্তা করলে বিষয়টিকে প্রায় অসম্ভবই বলা যেতে পারে। তবে এবার চাইলেই যেখানে খুশি, সেখানে বিশালাকৃতির পর্দার ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও ভার্চ্যুয়াল পর্দা ব্যবহারে সক্ষম অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির ল্যাপটপ তৈরি করেছে ‘সাইটফুল’ নামের একটি প্রতিষ্ঠান।
এআর প্রযুক্তি নিয়ে কাজ করা সাইটফুলের তথ্যমতে, ‘স্পেসটপ’ নামের ল্যাপটপটিতে কোনো পর্দা নেই। অর্থাৎ ওপরের অংশ না থাকায় ল্যাপটপটি দেখতে ছোট একটি মেশিনের মতো। খালি চোখে এমনটি দেখা গেলেও এআর চশমা পড়লেই চোখের সামনে দেখা যাবে ১০০ ইঞ্চির ভার্চ্যুয়াল পর্দা। ফলে স্পেসটপ নামের এই এআর ল্যাপটপ দিয়ে বড় পর্দায় গেম খেলা থেকে শুরু করে প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যারও ব্যবহার করা যাবে।



