
রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে যুক্ত হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছিল মার্কিন প্রযুক্তি কোম্পানি এইচপি এন্টারপ্রাইজ।
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে’র কাছে পেশ করা নথিতে গত বছরের এ হ্যাকিংয়ের ঘটনা প্রকাশ করেছে এই পিসি নির্মাতা কোম্পানিটি।
রাশিয়ার সরকার সমর্থিত হ্যাকারদল ‘মিডনাইট ব্লিজার্ড’ই সম্ভবত এ আক্রমণ চালিয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে। তারা ‘কোজি বেয়ার’ নামেও পরিচিত। সম্প্রতি মাইক্রোসফটের সিনিয়র লিডারশিপ টিমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের অ্যাকাউন্টে ঢুকে নজরদারী চালিয়েছিল দলটি।
সফটওয়্যার নির্মাতা কোম্পানি ‘সোলারউইন্ড’-কে আক্রমণের পেছনেও এ দলটির হাত ছিল বলে লিখেছে এনগ্যাজেট। সে আক্রমণে মার্কিন ট্রেজারি বিভাগ ও ‘হোমল্যান্ড সিকিউরিটি’সহ যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা আক্রান্ত হয়েছিল।



