
গুগল ম্যাপস থেকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখে নেওয়ার পাশাপাশি কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে, তা-ও জানা যায়। আর তাই অপরিচিত কোনো এলাকায় যাওয়ার জন্য বা ঠিকানা খুঁজতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় দ্রুত ও বিস্তারিতভাবে তথ্য জানাতে গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে গুগল। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলটির কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, তথ্য বিশ্লেষণের জন্য গুগল ম্যাপসে লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দ্রুত জানানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা স্থানের ছবিসহ অন্য ব্যবহারকারীদের মতামতও পর্যালোচনা করতে পারবে গুগল ম্যাপস। ফলে নির্দিষ্ট স্থানের তথ্য বর্তমানের তুলনায় দ্রুত ও বিস্তারিতভাবে জানতে পারবেন ব্যবহারকারীরা।



