
আইফোনপ্রেমীদের সুবিধার জন্য আইওএস ১৭.৩ অপারেটিং সিস্টেমের আপডেটেড সংস্করণ চালু করেছে টেক জায়ান্ট অ্যাপল। উদ্দেশ্য, আইফোনে থাকা তথ্য নিরাপদ রাখা। এতে যোগ করা হয়েছে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ নামের বিশেষ সুবিধা।
এ সুবিধার কারণে আইফোন চুরি হলেও ফোন বা আইক্লাউডে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংক বা ই-মেইল আইডির পাসকোড বা পাসওয়ার্ড জেনে গেলেও তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পাবে না চোর। নতুন এ নিরাপত্তা ফিচারের জন্য আইফোন ব্যবহারকারীর ফেস আইডি ও আঙুলের ছাপ ছাড়া তাদের আইডিতে প্রবেশ করার সুযোগ নেই অন্য কারও। আইফোনের অপারেটিং সিস্টেম ১৭.৩ সংস্করণে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধার পাশাপাশি আরেকটি নতুন সুবিধাও যুক্ত হয়েছে। সেটি হলো, চুরি করা আইফোনের পাসকোড পরিবর্তনের বা ফাইন্ড মাই আইফোন নিরাপত্তা সুবিধা বন্ধের সুযোগ। এ সুবিধার ফলে ব্যবহারকারীরা তাঁদের তথ্যের সুরক্ষায় চুরি হওয়া মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। সেই সঙ্গে ব্যবহারকারীরা তাঁদের আইফোনের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধও করতে পারবেন।



