
বিষয় উল্লেখ করলেই সে অনুযায়ী পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লিখে দিতে পারে জিমেইলের ‘হেল্প মি রাইট’ নামের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুল। পরীক্ষামূলক পর্যায়ে থাকা টুলটিতে এবার যুক্ত হচ্ছে ‘এআই ভয়েস’ সুবিধা। নতুন এ সুবিধা টুলটিতে যুক্ত হলে ব্যবহারকারীদের মুখে উচ্চারণ করা শব্দ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে জিমেইল। ফলে ব্যস্ততার সময়ে বা চলতি পথে দ্রুত ই-মেইল পাঠানো যাবে।
জনপ্রিয় ব্লগ সাইট ‘দ্য এসপিঅ্যান্ড্রয়েড’-এর তথ্যমতে, মুখের কথা শনাক্ত করে ই-মেইল লেখার সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এআই প্রযুক্তিনির্ভর এ সুবিধা চালু হলে জিমেইলে ‘ড্রাফট ই–মেইল উইথ ভয়েস’ নামে একটি বাটন যুক্ত করা হবে। বাটনটিতে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে পপআপের মাধ্যমে পর্দায় একটি ‘মাইক’ বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করে কথা বললেই সেগুলো ই-মেইল আকারে লিখে দেবে ‘হেল্প মি রাইট’ টুল।



