
অনলাইন ক্লাস বা বৈঠকের জন্য নিয়মিত জুম সফটওয়্যার ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের অনলাইন সভার অভিজ্ঞতা বাড়াতে এবার ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তি সুবিধা যুক্ত করেছে ভিডিও কনফারেন্স সফটওয়্যারটি। প্রাথমিকভাবে অ্যাপলের ভিশন প্রো হেডসেট ব্যবহার করে জুমে ত্রিমাত্রিক সভা করা যাবে। এ জন্য ভিশন প্রো হেডসেটের উপযোগী নতুন জুম অ্যাপ অ্যাপ স্টোরে উন্মুক্ত করেছে জুম।
এক ব্লগ বার্তায় জুম জানিয়েছে, নতুন জুম অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে নিজেদের চেহারার আদলে ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরি করা যাবে। মেশিন লার্নিং প্রযুক্তির অ্যাভাটারগুলো ব্যবহারকারীর নড়াচড়া ও অভিব্যক্তি অনুসরণ করে একই রকম অঙ্গভঙ্গি করতে পারে। ফলে অ্যাপলের ভিশন প্রো হেডসেট ব্যবহার করে সভায় অংশ নেওয়া সবার বক্তব্য ও অঙ্গভঙ্গি বিশাল পর্দায় দেখা যাবে। শুধু তাই নয়, সভায় অংশ নেওয়া ব্যক্তিদের মনে হবে পাশে বসে আছেন। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই ত্রিমাত্রিক বৈঠক করার সুযোগ মিলবে। চাইলে বৈঠক চলাকালে বিভিন্ন ত্রিমাত্রিক কনটেন্ট ও বার্তা আদান-প্রদান করা যাবে।



