
চাঁদ ঘিরে বিজ্ঞানীদের আগ্রহ বাড়ছে। সেখানে মানুষ পাঠানোর জন্য তোড়জোড়ও চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অর্থায়নে নতুন একটি গবেষণায় জানা গেছে, চাঁদের কোর শীতল ও সংকুচিত হয়ে যাচ্ছে। এর কারণে চন্দ্রপৃষ্ঠে আরও বেশি ভাঁজ সৃষ্টি হচ্ছে। এতে সেখানে ভূকম্পন ও ভূমিধস বেড়ে গেছে। তাই ভবিষ্যতে চাঁদের বুকে নভোচারীরা কোথায় অবতরণ করবেন, সেটা নতুন করে ভাবতে হবে।
চাঁদের দক্ষিণ মেরুর একটি অঞ্চলে বরফ থাকতে পারে বলে এত দিন ধারণা করা হচ্ছিল। ওই অঞ্চল ঘিরেই বিশ্বের কয়েকটি দেশের মহাকাশ সংস্থা তাদের চন্দ্রাভিযান চালানোর পরিকল্পনা করছিলেন। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে, ওই অঞ্চলকে যতটা বাসযোগ্য মনে করা হচ্ছিল, পরিস্থিতি ততটা অনুকূলে নয়।



