
আগামী সপ্তাহেই পাকিস্তানে জাতীয় নির্বাচন বা গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক তাঁর ৭ দিন আগে দেশটির তত্ত্বাবধায়ক সরকার দেশটি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, দেশের পতাকাবাহী এই সংস্থাটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক মন্ত্রীর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে।
অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি দীর্ঘদিন ধরেই মুনাফা করতে পারছিল না। নিয়মিত লোকসান গুনতে থাকলেও আগের সরকার এই সংস্থাটির সংস্কার বা বিক্রির সিদ্ধান্ত নিতে পারেনি। পরে অবশ্য গত বছরের জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের আওতায় তৎকালীন সরকার পাকিস্তানের পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে।



