
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আদেশ দেননি। এ আদেশে গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের অন্তর্নিহিত স্বীকৃতির বিষয়টি প্রতীয়মান। তবে জাতিসংঘের সর্বোচ্চ এই আইনি প্রতিষ্ঠান ফিলিস্তিনি ভূখণ্ড গাজার পরিস্থিতি যে বিপর্যয়কর, তা–ও স্বীকার করে নিয়েছেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, গণহত্যার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় ঘোষণার আগে পরিস্থিতির ‘আরও অবনতির মারাত্মক ঝুঁকি’ ছিল বলে আদালত তাঁর রায়ে বলেছেন। কেননা, এ ধরনের অভিযোগে বিচারপ্রক্রিয়া শেষ হতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।



