
ইউক্রেন সীমান্তের কাছে দক্ষিণ বেলগোরোড অঞ্চলে আইএল-৭৬ মডেলের রাশিয়ার একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে থাকা অন্তত ৬৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, উড়োজাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দি সদস্যরাও ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি উড়োজাহাজ খাড়াভাবে আছড়ে পড়ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
দুর্ঘটনায় উড়োজাহাজটির ভেতরে থাকা ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যু হয়েছে বলে রাশিয়ে দাবি করলেও ইউক্রেনের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম ইউক্রেনীয় প্রাভাদা অবশ্য জানিয়েছে, উড়োজাহাজটি ইউক্রেনীয় সেনারা ভূপাতিত করেছে এবং এটির ভেতর কোনো যুদ্ধবন্দি ছিল না। উড়োজাহাজটি বিধ্বস্তের সময় এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বহন করছিল বলে দাবি করে পত্রিকাটি।



