আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
তোশাখানা দুর্নীতি মামলায় গত শনিবার ইমরানকে ৩ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। একই সঙ্গে তাকে এক লাখ রুপি অর্থদণ্ড করা হয়। সেদিনই লাহোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ইমরান।
এ রায়ের পর নির্বাচন কমিশন তাকে অযোগ্য ঘোষণা করে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে বলে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে।
ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়।
আদালতের রায়ে বলা হয়, ইমরান খান ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনে (তোশাখানা উপহারের) মিথ্যা বিবরণ দিয়েছেন।
আদালতের রায়ের বিষয়টি উল্লেখ করে মঙ্গলবার ইসিপি জানায়, পাকিস্তানের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের ১–এইচ ধারা এবং ২০১৭ সালের নির্বাচন আইনের ২৩২ ধারা অনুযায়ী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলো।
পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হয় ইমরানের সরকার। এর পর থেকে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা ইমরান খানের বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে।



