
ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। রাতে এসব হামলা চালানো হয়। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক টহল জোটের এক যৌথ বিবৃতিতে গতকাল শনিবার রাতে চালানো এ হামলার কথা জানানো হয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।
লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন ও ব্রিটিশ বাহিনী এই হামলা করেছে। তাদের দাবি, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের এই হামলা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করার পাশাপাশি অনেকের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক টহল জোট এক যৌথ বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজের পাশাপাশি লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর বিরুদ্ধে হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের ১৩টি স্থানে হুতিদের ৩৬টি লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে। বৈশ্বিক বাণিজ্য এবং নিরপরাধ নাবিকদের জীবনকে হুমকির মুখে ফেলা হুতিদের সক্ষমতাকে ব্যাহত করাই এই হামলার উদ্দেশ্য।
পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি বলেছে, এই হামলায় হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুতের স্থাপনা, ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং রাডার সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।



