
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর নির্বিচার বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ ছাড়া একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।
বুধবার গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে এখন পর্যন্ত অন্তত ২৫ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২১০ জন নিহত এবং আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। নিহতদের ৭০ শতাংশই ফিলিস্তিনি নারী এবং শিশু।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৬৩ হাজার ৭৪০ ফিলিস্তিনি। গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা। একই সঙ্গে আরও প্রায় ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে তারা।



