
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও ইউক্রেন একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। ইউক্রেন সীমান্তের কাছে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই দেশ একে অপরকে দায়ী করেছে।
গত বুধবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। মস্কোর দাবি, ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের ৬৫ সেনাসদস্য ছিলেন। বন্দিবিনিময় পরিকল্পনার অংশ হিসেবে ওই সেনাদের নিয়ে যাওয়া হচ্ছিল। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন গুলি করে তাদের আইএল-৭৬ উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে।
জাতিসংঘে নিযুক্ত রুশ উপদূত দিমিত্রি পোলিয়ানস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অনুরোধে গতকাল নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়।
বৈঠকে পোলিয়ানস্কি অভিযোগ করেন, উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনাটি পূর্বপরিকল্পিত। তাঁর দাবি, ইউক্রেনের নেতৃত্বের কাছে ওই পথটি খুব ভালো করে চেনা ছিল। তাঁরা জানতেন, ও পথেই সেনাদের বন্দিবিনিময়ের জায়গায় নেওয়া হবে।



