
গত অক্টোবরে হামাসের হামলার জবাবে ইসরায়েলের প্রতিশোধ অভিযান শুরুর পর থেকে গাজার অর্ধেকের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে উঠে এসেছে নতুন এক বিশ্লেষণে।
নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটির কোরি শের এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির জ্যামন ভ্যান ডেন হোয়েক ওই অভিযানের আগে এবং পরে গাজার স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে ধ্বংসযজ্ঞের মাত্রা সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেছেন।
বিবিসি লিখেছে, ডিসেম্বরের শুরু থেকে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েলের বোমাবর্ষণ কীভাবে তীব্র হয়েছে, খান ইউনিস কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই বিশ্লেষণে তা উঠে এসেছে।
গাজাজুড়ে আবাসিক এলাকাগুলো ধ্বংস হয়ে গেছে; আগে যেখানে ব্যস্ত বাণিজ্যিক এলাকা ছিল, সেখানে এখন ধ্বংসস্তূপ। বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কৃষিজমিগুলোতে যেন চালানো হয়েছে খনন কাজ।
গাজাবাসীকে ‘নিজেদের নিরাপত্তার জন্য’ বারবার দক্ষিণে সরে যেতে বলছে ইসরায়েল। গৃহহীন লাখো মানুষকে আশ্রয় দিতে গাজার দাক্ষিণ অংশে গড়ে উঠেছে তাঁবুর শহর।



