
ফিলিস্তিনের গাজায় গণহত্যা রোধ এবং ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে পদক্ষেপ নিতে বলেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গতকাল শুক্রবার আইসিজের দেওয়া এই প্রাথমিক আদেশ অনেকের কাছেই গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক বিজয়। তবে অন্যদের কাছে এটা যথেষ্ট ছিল না।
গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এমন অভিযোগ এনে হেগের আদালতে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে নয়টি অন্তর্বর্তী পদক্ষেপের আবেদন করেছিল দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির মূল দাবি ছাড়া এসব আবেদনের অনেকগুলোই আদালত আমলে নিয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের বিতর্কিত আত্মরক্ষার অধিকারের যুক্তির কারণে আদালতের পক্ষ থেকে যুদ্ধবিরতির আদেশ দেওয়ার সম্ভাবনা কোনো সময়েই তেমন ছিল না।



