
নামিবিয়ার সদ্য প্রয়াত প্রেসিডেন্ট হেগ গেইনগবের স্থলাভিষিক্ত হয়েছেন নাঙ্গোলো এমবুম্বা। গেইনগবের মৃত্যুর খবর ঘোষণা করার কয়েক ঘণ্টা পর তিনি এ পদে দায়িত্ব নিলেন। এত দিন এমবুম্বা নামিবিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
হেগ গেইনগব (৮২) গতকাল রোববার ভোরে নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা থাকা এ নেতা ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত মাসে জনসাধারণের কাছে তিনি তাঁর রোগের ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেন।
প্রেসিডেন্ট হিসেবে গেইনগবের বাকি মেয়াদটুকুর দায়িত্ব পালন করবেন এমবুম্বা। সে অনুযায়ী এই বছরের শেষের দিকে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।



