
গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেকোনো নির্বাচনে দলীয় প্রতীক খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো একটি প্রতীক হয়ে ওঠে দলের পরিচয়। আর যদি কোনো দল সেই প্রতীক হারিয়ে বসে, তাহলে তাদের জন্য তা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কার বড় কারণ হয়ে দাঁড়ায়।
এখন সেই আশঙ্কা ভর করেছে পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ওপর। গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। ইসিপির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু ইসিপির সিদ্ধান্তকেই বহাল রেখেছেন আদালত।



