
হামাসের হামলায় নিহত ইসরায়েলি নারীদের কারও কারও ‘যৌনাঙ্গ ইচ্ছাকৃতভাবে কর্তন’ করা হয়েছিল। কিছু ক্ষেত্রে যৌন নিপীড়ন চালানোর বিষয়টি ‘প্রশ্নাতীতভাবে’ প্রতীয়মান হয়েছে।
হামাসের হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ নিয়ে কাজ করা ইসরায়েলিরা গতকাল বুধবার ব্রিটিশ সংসদ সদস্যদের কাছে এসব অভিযোগ করেন। ব্রিটিশ পার্লামেন্টে এ শুনানির আয়োজন করা হয়।
তবে ইসরায়েলি নারীদের ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি সংগঠনটির কয়েক শ সদস্য সীমান্ত পেরিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালান। ইসরায়েল জানিয়েছে, ওই দিনের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলের বাহিনী। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান এ হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৯০০-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।



