
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এলএনজি বহনকারী একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে ৬ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
আজ বুধবারের এই দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে এএফপি।
ট্রাকটি ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহন করছিল। মঙ্গোলিয়ার স্থানীয় সময় ভোরবেলায় ট্রাকটি একটি গাড়িতে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গোলিয়ার জাতীয় জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) তাদের ওয়েবসাইটে এই তথ্য জানায়।
এনইএমএ’র ওয়েবসাইট থেকে জানা গেছে, নিহতদের মধ্যে তিন জন যাত্রী ও তিন জন ফায়ার সার্ভিসের সদস্য। ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত চার শিশুর মধ্যে একজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। বাকি তিনজন হাসপাতালের তত্ত্বাবধানে আছে।



