
মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর বিরতিহীন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে সশস্ত্রদের অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে; তাদের অনেকে আহত হয়েই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে এসেছেন। ওপারে তুমুল যুদ্ধ আর গোলাগুলির শব্দে ওই এলাকার বাসিন্দারাও রয়েছেন আতঙ্কে। একেবারে সীমান্তবর্তী এলাকার অনেকেই বাড়িঘর ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
সীমান্তের ওপারে বেশ কয়েকদিন ধরেই সংঘাতের সময় মাঝেমধ্যেই গোলাগুলি এসে পড়েছে এপারের বাড়িঘরে। টানা উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যে রোববার দিনভর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি-বর্ডার গার্ড পুলিশ) অর্ধশতাধিকের বেশি সশস্ত্র সদস্যের অনুপ্রবেশ চাঞ্চল্য ছড়িয়েছে আরও বেশি।
দেশটির অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এদিন বিজিপির ৬৮ জন সদস্যের অস্ত্রসহ তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আশ্রয় নেওয়ার তথ্য দিয়েছে বিজিবি।



