
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে। এতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাংলাদেশের সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর জেরে আজ সোমবার এক দিনের জন্য ঘুমধুম সীমান্তবর্তী প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।
আজ সকাল থেকেই ঘুমধুম-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ। তিনি প্রথম আলোকে বলেন, মাঝখানে কিছুদিন গোলাগুলি বন্ধ ছিল। গত শনিবার থেকে আবারও মিয়ানমারের ভেতরের থেমে থেমে গোলাগুলি ও বোমার আওয়াজ শোনা যাচ্ছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকার মানুষজন গোলা ও বোমার আওয়াজে আতঙ্কিত।



