
বাংলাদেশের সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর আরেকটি ব্যাটালিয়নের ঘাঁটি দখলে নিয়েছেন আরাকান আর্মির যোদ্ধারা।
মঙ্গলবার আরাকান আর্মি জানিয়েছে, ঐতিহাসিক মারুক–ইউ শহরে বেশ কয়েক দিন লড়াইয়ের পর মিয়ানমার সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন–এলআইবি) ৫৪০–এর যোদ্ধাদের পরাজিত করেছেন। এই এলাকায় এলআইবি ৩৭৭ ও ৭৭৮ ঘাঁটিগুলোও ঘিরে রেখেছেন তাঁরা
আরাকান আর্মি স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টায় এলআইবি ৫৪০–এর সদর দপ্তর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। তারা এখন বাকি দুটি সেনাঘাঁটি ও শহরের অন্যান্য তল্লাশিচৌকি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।



