
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেইনের বৃহত্তম দু’টি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত ও ১৩০ জনেরও বেশি আহত হয়েছে। হামলায় বহু বাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তিন ধাপে হামলা চালানো হয়। এর পাশাপাশি রাজধানী কিইভ, ইউক্রেইনের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ও দক্ষিণাঞ্চলীয় খেরসনে ব্যাপক বোমাবর্ষণ করা হয়।
নিজের রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি জানান, রাশিয়া বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে রাশিয়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালিয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, ১৩৯টি বাসস্থানসহ ২০০টির বেশি স্থানে হামলা হয়েছে। এসব হামলায় সাধারণ বহুতল অ্যাপার্টমেন্ট ভবনগুলোর বহু বাসিন্দা নিহত হয়েছে।



