
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িত অভিযোগে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতির শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞা পাওয়া এই হুতি যোদ্ধাদের যুক্তরাজ্যে থাকা সম্পদ বাজেয়াপ্ত হবে। তারা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না। অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে হবে তাদের।
একই নিষেধাজ্ঞার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক বিবৃতি দিয়েছে। এর আগেও ১১ হুতি নেতা ও হুতিদের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশ দুটি নিষেধাজ্ঞা জারি করে যা এখনও বলবৎ রযেছে।
নিষেধাজ্ঞার বিষয়ে উভয় দেশ জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর-রয়টার্স
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর যেসব ‘অগ্রহণযোগ্য ও বেআইনি’ পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে হুতিদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা এবারের নিষেধাজ্ঞা।



