
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের গল্প পড়েছেন অনেকেই। উনিশ শতকের মধ্যবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন লাখের বেশি মানুষের ক্যালিফোর্নিয়ায় সোনার খোঁজে ছুটে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে গোল্ড রাশনির্ভর বিভিন্ন গল্পে। দেড় শ বছরের বেশি সময় পর সোনার জন্য নয়, মানুষ ছুটছেন হাইড্রোজেনের পেছনে। হাইড্রোজেনের জন্য গোল্ড রাশের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
২০২৩ সালের শুরুর দিকে উত্তর-পূর্ব ফ্রান্সের লরেনে মাটির প্রায় ৩ হাজার মিটার নিচে হাইড্রোজেনের বড় একটি আধারের সন্ধান পাওয়া গেছে। ফ্রান্সের লরেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ন্যাশনাল দে লা রেচের্চে সায়েন্টিফিক (সিএনআরএস) গবেষণাগারের পরিচালক বিজ্ঞানী পিরনন বলেন, ‘অনেকেই মনে করেন, নিকট ভবিষ্যতে হাইড্রোজেন অপরিহার্য জ্বালানি হিসেবে আবির্ভূত হবে। জ্বালানি হিসেবে শিল্পে হাইড্রোজেনের ব্যবহার বাড়লেও চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি রয়েছে।’



