
গত বছরের আগস্ট মাসের এক রাত। ঝরছিল মৌসুমি বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যেই মিয়ানমারের একটি সামরিক ঘাঁটি ছেড়ে চলে যান ওউনা কিয়াও। সঙ্গে ছিলেন তাঁর মতো আরও কয়েকজন সেনাসদস্য। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের এমন এক জায়গায় মোতায়েনের কথা ছিল, যেখানে দেশটির গণতন্ত্রপন্থী সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর চলছিল তুমুল লড়াই।
মিয়ানমারের ওই সামরিক ঘাঁটিটির অবস্থান কারেন প্রদেশে। রাতের যে সময় ওউনা কিয়াও ও তাঁর সহকর্মীরা চলে গিয়েছিলেন, তখন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সেনা কমান্ডাররা ঘুমাচ্ছিলেন। এমন পদক্ষেপের জন্য কমপক্ষে সাত বছরের কারাদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড দেওয়ার আশঙ্কাও রয়েছে। তবে ওউনা কিয়াওয়ের ভাষ্য, ‘আমার বিশ্বাস, চলে না গেলে আমি মারা পড়তাম।’



